৩ জুন ২০১৫ - ০৪:০০
কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ৭

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় ৭ জন দগ্ধ হয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০) ও রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মা (৩৫)।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে চান্দিনার পাট গবেষণা ইনস্টিটিউশনের সামনে  ইউনিক পরিবহনের একটি বাসে এই পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।
দগ্ধদের বরাত দিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মাসুদ জানান, রাতে রাজধানীর ফকিরাপুল থেকে ইউনিক পরিবহনের একটি নাইটকোচে রাঙামাটি যাচ্ছিলেন তারা। বাসটি কুমিল্লার চান্দিনায় পৌঁছালে দুর্বৃত্তরা এতে পেট্রলবোমা মারে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০) ও রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মা (৩৫) সহ বেশ কয়েকজন দগ্ধ হন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর দগ্ধ দুইজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।
বাসে পেট্রলবোমা হামলার বিষয়ে ওসি বলেন, হঠাৎ কেন, কী কারণে এঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।